West Bengal Chief Minister Mamata Banerjee on SIR: রাজ্য নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মতামত পুনরায় স্পষ্ট করেছেন। কমিশন দ্বারা ঘোষিত এনিউমারেশন ফর্ম বিতরণ শুরু হওয়ার পর বুধবার মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি অফিসে সংশ্লিষ্ট বিএলও (BLO) ফর্ম দিয়ে যান। তবে, বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে মমতা জানিয়েছেন, রাজ্যের প্রতিটি মানুষ এই ফর্ম পূরণ না করা পর্যন্ত তিনি নিজে তা করবেন না।
মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে লিখেছেন, “যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনো ফর্ম পূরণ করিনি এবং করবও না।”
ফর্ম গ্রহণ নিয়ে বিতর্ক, নস্যাৎ করলেন মুখ্যমন্ত্রী (West Bengal Chief Minister Mamata Banerjee on SIR)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বুধবার দায়িত্বপ্রাপ্ত বিএলও তাঁদের এলাকায় নির্দিষ্ট কাজ করতে এসেছিলেন এবং তাঁর রেসিডেন্স অফিসে এসে কতজন ভোটার আছেন জেনে ফর্ম দিয়ে যান। মুখ্যমন্ত্রী আরও জানান, সংশ্লিষ্ট বিএলও মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে তাঁর অফিসে এসেছিলেন। তিনি বাড়িতে কতজন ভোটার আছেন জানতে চান এবং সেই অনুযায়ী ফর্ম দিয়ে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, তিনি নিজে হাতে ওই ফর্ম গ্রহণ করেননি।
বুধবার রাত থেকে বিজেপি সহ বিরোধী দলগুলি অভিযোগ করে যে, মুখ্যমন্ত্রী এতদিন বাংলায় এসআইআর করতে দেবেন না বললেও, শেষ পর্যন্ত তাঁর বাসভবনেই বিএলও পৌঁছে গিয়েছেন এবং তিনি ফর্ম গ্রহণ করেছেন। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এই অভিযোগ অস্বীকার করে স্পষ্ট জানিয়েছেন যে, তিনি নিজে হাতে ওই ফর্ম গ্রহণ করেননি।
তাঁর দাবি, সংশ্লিষ্ট বিএলও তাঁর বাড়ির অফিসে ফর্মটি দিয়ে এসেছেন। বিভিন্ন মহল এবং সংবাদমাধ্যমে বলা হয়েছে তিনি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে বিএলও-র কাছ থেকে ‘এনুমারেশন ফর্ম’ গ্রহণ করেছেন। তবে তা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে তিনি উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটার এবং তিনি এই কেন্দ্রের বিধায়কও। তাঁর ভোটকেন্দ্র হরিশ পার্কের কাছে মিত্র ইনস্টিটিউশন স্কুল। মুখ্যমন্ত্রী বরাবরই এই বুথেই ভোট দিয়ে থাকেন।
আন্দোলনে অনড় তৃনমূল
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এসআইআর-এর প্রতিবাদে রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত ‘মহামিছিল’ করেন, এবং এসআইআর হল এনআরসি চালুর একটি কৌশল, এমন অভিযোগে সরব হন। বৃহস্পতিবার তিনি স্পষ্টভাবে জানান, বাংলার সকলের ফর্ম পূরণ না হওয়া পর্যন্ত তিনি নিজের ফর্ম পূরণ করবেন না (West Bengal Chief Minister Mamata Banerjee on SIR)। তৃণমূল সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে আন্দোলনে নেমেছেন এবং এই আন্দোলনকে দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন। সূত্রের আরও খবর, ঠিক সেই সময়েই মুখ্যমন্ত্রীর ‘নিজের হাতে ফর্ম নেওয়া’র মত খবর ছড়িয়ে আন্দোলনকে দুর্বল করার চেষ্টা চলছে।
উল্লেখ্য নির্বাচন কমিশনের তরফ থেকে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত এসআইআর সংক্রান্ত ‘এনুমারেশন ফর্ম’ বিতরণের কাজ চলবে। এই কার্যক্রমটি ২০০২ সালের ভোটার তালিকাকে ভিত্তি হিসেবে ধরে পরিচালিত হচ্ছে । তথ্য সংবলিত ফর্মগুলো জমা নেওয়া সম্পন্ন হওয়ার পর, প্রাথমিক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর।