Mahabharat’s Karna Pankaj Dheer Dies: ভারতীয় টেলিভিশনের কিংবদন্তি অভিনেতা পঙ্কজ ধীর প্রয়াত হয়েছেন। বি আর চোপড়ার (BR Chopra) জনপ্রিয় ধারাবাহিক ‘মহাভারত’-এ ‘কর্ণ’ চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা এই অভিনেতার বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সূত্র থেকে জানা যায়, প্রবীণ এই অভিনেতা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। কয়েক মাস আগে রোগটি পুনরায় দেখা দিলে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। একটি বড় অস্ত্রোপচারও করা হয়েছিল, কিন্তু আর শেষরক্ষা হল না (Mahabharat’s Karna Pankaj Dheer Dies)।
কর্ণ চরিত্রে অমর পঙ্কজ ধীর
বি.আর.চোপড়ার ‘মহাভারত’ ধারাবাহিকে বীর ও ট্রাজিক চরিত্র ‘কর্ণ’ হিসেবে পরিচিত ধীর ১৯৮০-এর দশকের শেষ এবং ৯০-এর দশকে ভারতীয় টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ ছিলেন। পর্দায় তাঁর বলিষ্ঠ উপস্থিতি এবং মনে রাখার মত অভিনয় তাঁকে ঘরে ঘরে পরিচিত করে তুলেছিল, এমনকি কয়েক দশক পরেও ভক্তরা তাকে ‘কর্ণ’ হিসেবেই মনে রেখেছেন।
‘কর্ণ’ চরিত্রে তাঁর অভিনয় এতটাই কিংবদন্তী হয়ে উঠেছিল যে, এই পৌরাণিক যোদ্ধাকে বোঝানোর জন্য তার ছবি স্কুলের পাঠ্যবইতে ব্যবহার করা হত। ভারতের কিছু অঞ্চলে যেমন কার্নাল এবং বস্তারে, ধীরের ‘কর্ণ’ মূর্তির পুজোও করা হয়- যা যেকোনও টেলিভিশন অভিনেতার জন্য এক বিরল সম্মান।
মহাভারত ছাড়াও তাঁর অন্যান্য কাজ
‘মহাভারত’-এর পরেও তিনি ‘চন্দ্রকান্তা’,’দ্য গ্রেট মারাঠা’, ‘যুগ’ এবং ‘বধো বহু’-এর মত জনপ্রিয় অনুষ্ঠানে অভিনয় করেন এবং প্রতিটি চরিত্রে নিজের দক্ষতা দেখিয়েছেন। এছাড়াও তিনি বলিউডের জনপ্রিয় ছবি যেমন ‘সড়ক’,’সোলজার’ এবং ‘বাদশাহ’ ছবিতে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এর পাশাপাশি তিনি জি হরর শো (Zee Horror Show)-তে অর্চনা পূরণ সিং-এর সাথেও কাজ করেছেন।
অভিনয়ের বাইরের জীবন
অভিনয় করার পাশাপাশি তিনি ছিলেন একজন সৃষ্টিশীল উদ্যোক্তা। তিনি তার ভাই সতলুজ ধীরের সাথে একত্রে ২০০৬ সালে মুম্বাইয়ের যোগেশ্বরীতে ‘ভিজেজ স্টুডিওজ’ নামের একটি শুটিং স্টুডিও স্থাপন করেন। এর কয়েক বছর পর, ২০১০ সালে, তিনি তাঁর সহ-অভিনেতা গুফি পেন্টালকে ফ্যাকাল্টি প্রধান হিসেবে নিযুক্ত করে ‘অভিন্নয় অ্যাক্টিং একাডেমি’ চালু করেন, যেখানে তিনি নতুন প্রজন্মের শিল্পীদের প্রশিক্ষণ দিতেন।
প্রসঙ্গত, ‘মহাভারত’-এর সহ-অভিনেতা অর্জুন ফিরোজ খান (Arjun Feroz Khan), যিনি অর্জুনের চরিত্রে অভিনয় করেছিলেন, তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে কয়েকটি ছবি দিয়ে তিনি লিখেছেন, “তোমাকে খুব মিস করব পিডি (PD)। ভালো থেকো।”
ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত (Ashoke Pandit) সামাজিক মাধ্যমে পঙ্কজ ধীরের প্রয়াণে শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি ধীরকে একজন উজ্জ্বল অভিনেতা ও মহান মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর মৃত্যুতে শিল্পের অপূরণীয় ক্ষতি হয়েছে। এছাড়াও তিনি ধীরের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পণ্ডিত আরও জানান, অভিনেতার শেষকৃত্য মুম্বাইয়ের ভিলে পার্লে (পশ্চিম)-এর এস.ভি রোডের পবন হংস শ্মশান ঘাটে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, পঙ্কজ ধীরের মৃত্যুতে অসংখ্য ভক্ত ও সহকর্মীরা সামাজিক মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন। অনেকেই তাকে কিংবদন্তি অভিনেতা এবং একজন মার্জিত ব্যক্তি হিসেবে স্মরণ করেছেন, যিনি ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্রে এক অবিস্মরণীয় ছাপ রেখে গিয়েছেন।