Bidhannagar Road And Dum Dum Junction Train News: দুর্গাপূজায় শহরতলি ও গ্রামের মানুষের ভিড় কলকাতার দিকে থাকলেও, কালীপুজোয় এই চিত্র কিন্তু কিছুটা আলাদা হয়। এই কালীপুজোর সময় প্রায় লক্ষ লক্ষ মানুষ বারাসত, মধ্যমগ্রাম ও নৈহাটিতে একত্রিত হন। তার কারণ হল বারাসত ও মধ্যমগ্রামের কালীপুজো শুধু রাজ্য নয়, দেশের বিভিন্ন স্থানেও সুপরিচিত। এর পাশাপাশি বিগত কয়েক বছরে নৈহাটির বড়মার পুজোতেও এই সময় প্রচুর জনসমাগম দেখা যায়।
আর এই ঠাকুর দেখতে যাওয়ার বা পুজো দিতে যাওয়ার প্রধান মাধ্যম হল ট্রেন। পুজোর দিনগুলোতে বিধাননগর রোড ও দমদম জংশনে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ এবং তাদের সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে ভারতীয় রেলওয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে। কালীপুজোর ভিড় সামাল দিতে শিয়ালদা ডিভিশনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাত্রীদের স্বচ্ছন্দ যাতায়াতের জন্য ইস্টার্ন রেলওয়ে বিশেষ করে বিধাননগর রোড ও দমদম জংশন স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে (Bidhannagar Road And Dum Dum Junction Train News) একাধিক পদক্ষেপ নিয়েছে।
কালীপুজোর জন্য কী বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে?
কালীপুজোর দিনগুলিতে অর্থাৎ ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত
- সমস্ত লোকাল ট্রেন তার যাত্রাপথের প্রতিটি স্টেশনে থামবে। কোনো গ্যালোপিং লোকাল থাকবে না।
- শিয়ালদা স্টেশনের প্রতিটি টিকিট কাউন্টার ২০ থেকে ২৪ অক্টোবর সারা দিন খোলা থাকবে।
- দমদম, বারাসত, নৈহাটি, বিধাননগর রোড – এই চারটি স্টেশনে ভিড়ের কারণে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রেল বিশেষ নজর রাখবে।
- যদি কোনো ট্রেনের প্ল্যাটফর্ম পরিবর্তন করার প্রয়োজন হয়, তবে পর্যাপ্ত সময় দিয়ে ঘোষণা করে তা পরিবর্তন করা হবে।
বিধাননগর রোড ও দমদম স্টেশনের জন্য কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে? (Bidhannagar Road And Dum Dum Junction Train News)
বুধবার সাংবাদিক সম্মেলনে শিয়ালদা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা জানান যে, যাত্রীদের চলাচল আরও সহজ করার জন্য শিয়ালদা ডিভিশনের দুটি স্টেশনে নতুনভাবে প্ল্যাটফর্ম ভাগ করা, হকারমুক্ত পরিবেশ তৈরি করা এবং সময় মত ঘোষণা করার ব্যবস্থা চালু করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
- বিধাননগর রোড স্টেশনে ১ নম্বর প্ল্যাটফর্মটি শুধুমাত্র আপ মেন লাইনের লোকাল ট্রেনের জন্য নির্দিষ্ট থাকবে। শিয়ালদা থেকে নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর, গেদে, লালগোলাগামী সমস্ত ট্রেন ১ নম্বরেই আসবে। বারাসত, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনিগামী সমস্ত আপ লোকাল ট্রেন প্ল্যাটফর্ম নম্বর ২-এ আসবে। এছাড়া, ২ নম্বর প্ল্যাটফর্ম দিয়েই সমস্ত মেল, এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন চলাচল করবে।
- দমদম স্টেশনেও সমস্ত গুরুত্বপূর্ণ আপ লোকাল ট্রেন উৎসবের সময় প্ল্যাটফর্ম ১ দিয়েই যাতায়াত করবে। এর মধ্যে নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর, গেদে, বহরমপুর কোর্ট এবং লালগোলাগামী ট্রেনগুলি উল্লেখযোগ্য। এই সমস্ত স্টেশন থেকে শিয়ালদাগামী ডাউন লোকালগুলি ২ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করবে। বারাসত, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনিগামী সমস্ত আপ লোকাল ৩ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করবে।
বিধাননগরে থামবে না ৮ টি এক্সপ্রেস ট্রেন
যাত্রী ভিড় কমাতে বিধাননগর রোড স্টেশনে আটটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ সাময়িকভাবে বাতিল করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, এই ট্রেনগুলোতে দৈনিক গড়ে মাত্র দুই থেকে পাঁচ জন যাত্রী ওঠানামা করেন, তাই অপ্রয়োজনীয় ভিড় এড়াতেই রি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
একই সাথে বিধাননগর স্টেশনের পুরো স্টেশন এলাকাকে ‘ভেন্ডর-ফ্রি জোন’ হিসেবে ঘোষণা করা হবে। এর মানে হল, কোনো হকার বা দোকানদার প্ল্যাটফর্মে বসতে পারবেন না। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ট্রেনের ঘোষণা আগে থেকেই করা হবে, যাতে কোনো রকম বিভ্রান্তি সৃষ্টি না হয়। এই নতুন নিয়মটি প্রথম কয়েক দিন পরীক্ষামূলকভাবে চালানো হবে, যদি সব ঠিকঠাক থাকে তাহলে স্থায়ীভাবে এই নিয়ম চাল করা হতে পারে বলে জানা গিয়েছে।