Sikkim Advisory on Religious Tattoo Designs: সিকিম সরকার শরীরের বেমানান জায়গায় ভগবানের উল্কি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। সম্প্রতি রাজ্যে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে কিছু অংশগ্রহণকারীর ট্যাটুতে ধর্মীয় প্রতীক ও দেব-দেবীর ছবি অসংলগ্নভাবে ফুটিয়ে তোলা হলে সেই বিষয়ে আপত্তি জানানো হয়।
এই ঘটনায় রাজ্য সরকারের ধর্ম বিষয়ক দফতর কঠোর ব্যবস্থা নিয়েছে। সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে, দফতরটি জনসাধারণকে সতর্ক করে বলেছে যে কোনও ধরনের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন কাজ করা উচিত নয়। বিজ্ঞপ্তিতে বিশেষভাবে বলা হয়েছে যে শরীরের বেমানান অংশে, বিশেষ করে কোমর বা পেটের নিচে, কোনো ধর্মীয় ট্যাটু দেখানো যাবে না।
Sikkim Advisory on Religious Tattoo Designs- কেন এই কড়া পদক্ষেপ?
জারি করা এই বিজ্ঞপ্তিতে ধর্ম বিষয়ক দফতর জানিয়েছে, একাধিক অনুষ্ঠানে দেবদেবীর চিত্রযুক্ত ট্যাটু কয়েকজন এমনভাবে প্রদর্শন করেছেন, যা অত্যন্ত অসম্মানজনক। বিশেষত শরীরের নিম্নাংশে আঁকা হওয়ায় তা দৃষ্টিকটু হয়েছে।
গত ৯ থেকে ১২ অক্টোবর সিকিমের সারামসায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ট্যাটু কনভেনশনে কিছু উল্কিতে ধর্মীয় দেবদেবীর প্রতীক ও চিত্র অনুপযুক্তভাবে ব্যবহারের অভিযোগ উঠেছে। এই বিষয়টিকে ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হওয়ায় অনুষ্ঠানটির আয়োজকরা সিকিমবাসী ও ধর্ম বিষয়ক দফতরের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন।
আর কী জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে?
দফতরটি আরও জানায়, এই ধরনের ব্যবহার স্থানীয় বিশ্বাস, প্রথা ও সংস্কৃতির প্রতি আঘাতস্বরূপ। এমতাবস্থায়, সকলকে সাংস্কৃতিক সংবেদনশীলতার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ট্যাটু হিসেবে ধর্মীয় ঐতিহ্য সম্পর্কিত কোনও চিত্র বা প্রতীক আঁকার সময় শিল্পী ও ব্যক্তিদের যথাযথ সতর্কতা ও সংযম প্রদর্শন করা উচিত। কোনও শিল্পকর্ম যেন এমনভাবে তৈরি বা প্রদর্শিত না হয়, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বা কোনও সম্প্রদায়ের প্রতি অসম্মান প্রদর্শন করে।