New Rules for the PM Ujjwala Yojana Scheme 2026: অধিকাংশ স্থানে রান্নার গ্যাসের দাম বর্তমানে ১০০০ টাকার বেশি। স্থানভেদে দামের সামান্য ভিন্নতা দেখা গেলেও, তা ১০০০ টাকার নিচে নামছে না। অন্যদিকে, উনুনের ধোঁয়ার সমস্যাও কমছে না। তাই এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে এবং রান্নাঘরের ঝুলকালি দূর করে মহিলাদের স্বস্তি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার বিনামূল্যে ‘উজ্জ্বলা গ্যাস সংযোগ’ (Ujjwala Gas Connection) প্রদান করেছে। সরকারের এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষ এখন সহজে উজ্জ্বল গ্যাস সংযোগের সুবিধা পাচ্ছেন। তবে এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার নতুন কিছু নির্দেশিকা নিয়ে এসেছে, যা সাধারণ মানুষের জন্য বড় একটি ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।
উজ্জ্বলা গ্যাস যোজনায় কেন্দ্রের নতুন নির্দেশিকা- New Rules for the PM Ujjwala Yojana Scheme 2026
সম্প্রতি কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা গ্যাস কানেকশনের জন্য নতুন কিছু নিয়ম চালু করেছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনও গ্রাহকের নিজের তিন চাকা বা চার চাকার গাড়ি অথবা মাছ ধরার নৌকা থাকলে, তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। শুধু তাই নয়, সরকার আরও জানিয়েছে যে, কারও যদি ৩০ বর্গমিটার কার্পেট এরিয়ার নিজের বাড়ি থাকে, তিন বা চার চাকার চাষের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি থাকে অথবা পরিবারের কোনও সদস্যের প্রতি মাসে ১০,০০০ টাকার বেশি রোজগার হয়, তাহলে তিনি উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন পাবেন না।
এই নিয়ম অনুযায়ী আবেদনপত্রগুলো যাচাই করার দায়িত্ব দেওয়া হয়েছে ডিলারদের। আরও বলা হয়েছে যে, যদি কোনও আবেদনকারী কোনও তথ্য লুকান, তাহলে তার দায়িত্ব ডিলারদের নিতে হবে। এতে গ্যাস ডিলারদের ওপর অনেক বেশি চাপ সৃষ্টি হয়েছে।
নির্দেশিকা নিয়ে চাপের মুখে ডিলাররা
ডিলাররা বলছেন, কেন্দ্রীয় সরকারের দেওয়া সব নিয়মকানুন অনুসরণ করলে অনেক গরিব পরিবার এই সরকারি প্রকল্পের সুবিধা পাবে না। শুধু তাই না, জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, তাতে মাসে ১০ হাজার টাকায় সংসার চালানো খুব কষ্টের।
এখানে বলা হচ্ছে, যাদের আয় ১০ হাজার টাকার বেশি, তাদের গ্যাসের সংযোগ দেওয়া হবে না। এই কারণে অনেকে এই প্রকল্প থেকে বাদ যাচ্ছে। অনেকে জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন জায়গা থেকে ঋণ করে টোটো কিনেছে। অনেকে সংসার চালানোর খরচ জোগাতে এই ধরনের গাড়ি কেনে। কিন্তু এখানেও সরকার নিষেধ করেছে। তাই এখন পর্যন্ত মাত্র তিন-চারটি আবেদন জমা পড়েছে।
প্রসঙ্গত, গ্যাস উৎপাদনকারী সংস্থাটি জানিয়েছে যে এর আগে অনেক “ধনী” পরিবার উজ্জ্বলা গ্যাস যোজনার সুবিধা পেয়েছিল। কিন্তু গ্যাস সংযোগ পাওয়ার পরে অনেকেই সিলিন্ডার নেয়নি। তাই ডিলারদের সেই সমস্ত পরিবারকে চিহ্নিত করে সিলিন্ডার ফেরত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
ফলে ডিলার এবং গ্রাহকদের মধ্যে অনেক ঝামেলা তৈরি হয়েছিল। সেই কারণেই এবার বেশ কিছু নতুন শর্ত আরোপ করা হয়েছে। এই প্রসঙ্গে পূর্ব বর্ধমানের গ্যাস ডিলার রাজীব ভৌমিক বলেন, “উজ্জ্বলা যোজনার জন্য কয়েকজন গ্রাহক আবেদন করেছেন। পরীক্ষা-নিরীক্ষার পরই তাদের সংযোগ দেওয়া হবে। অবশ্যই গ্রাহকদের তা অনুসরণ করতে হবে।”