Moderate fog forecast in West Bengal districts: চলতি বছরে নভেম্বরের শুরু থেকে রাজ্যে যে শীতের অনুভূতি শুরু হয়েছিল, তা সাময়িকভাবে ব্যাহত করছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ। এই নিম্নচাপের কারণে আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বঙ্গের আবহাওয়া (Moderate fog forecast in West Bengal districts)
তাপমাত্রা বৃদ্ধি: আগামী কয়েকদিনের জন্য রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এর ফলে গত কয়েকদিনের মত তীব্র শীতের অনুভূতি আর থাকবে না।
আকাশ ও কুয়াশা: আজ, মঙ্গলবার দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে বুধবার পর্যন্ত সকালের দিকে বাংলা কুয়াশার চাদরে ঢাকা থাকবে বলা জানা যাচ্ছে। বেলা বাড়লে রোদের তেজ যথেষ্ট অনুভূত হবে।
বাতাসের গতিপথ পরিবর্তন: নিম্নচাপের প্রভাবে উত্তরের বাতাসের প্রভাব কমবে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণ-পূর্ব দিক থেকে গরম বাতাসের প্রবেশ বাড়বে।
উত্তর ও দক্ষিণবঙ্গের পরিস্থিতি
বৃষ্টির সম্ভাবনা: বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেও রাজ্যের কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গ: কলকাতা ও তার কাছাকাছি অঞ্চলে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রির আশেপাশে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম।
উত্তরবঙ্গ: দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গের জেলাগুলোতেও রাতের তাপমাত্রা বাড়বে, তাই ঠান্ডার অনুভূতি সাময়িকভাবে কমে যাবে বলে জানা যাচ্ছে।
আগামী সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, অগ্রহায়ণের শুরুতে তাপমাত্রা বাড়লেও কয়েকদিন পর রাজ্যজুড়ে আবার শীতের অনুভূতি ফিরে আসবে। তবে আগামী শনিবারের পর মধ্য-দক্ষিণ বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যা পরবর্তী ৭২ ঘণ্টায় শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এই নতুন নিম্নচাপও শীত আসার সম্ভাবনাকে সাময়িকভাবে বাধা দিতে পারে।
