Govt Reworking to resume MGNREGS in West Bengal: মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (MGNREGS) পশ্চিমবঙ্গে পুনরায় চালু করার জন্য কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশিকা পালন করতে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক (Ministry of Rural Development) বর্তমানে প্রয়োজনীয় নিয়মকানুন ও পদ্ধতি তৈরি করছে। সরকার মঙ্গলবার লোকসভায় এই তথ্য জানিয়েছে।
হাইকোর্টের নির্দেশ পালনে তৎপর কেন্দ্র- Govt Reworking to resume MGNREGS in West Bengal
গ্রামীণ উন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান লিখিত উত্তরে জানান, “পশ্চিমবঙ্গে MGNREGS প্রকল্পটি আবার চালু করার জন্য এবং মাননীয় কলকাতা হাইকোর্টের ১৮.০৬.২০২৫ তারিখের আদেশ অনুযায়ী, গ্রামীণ উন্নয়ন দপ্তর বর্তমানে হাইকোর্টের নির্দেশাবলী পালন করার জন্য প্রয়োজনীয় পদ্ধতি ও প্রক্রিয়াগুলির পুনর্বিন্যাস এবং চূড়ান্ত করার কাজ করছে।”
কেন্দ্রের এই প্রতিক্রিয়া এমন এক সময়ে এল, যখন সুপ্রিম কোর্ট ২৭ অক্টোবর কেন্দ্রের দায়ের করা স্পেশাল লিভ পিটিশন (Special Leave Petition – SLP) খারিজ করে দেয়। এই পিটিশনে কলকাতা হাইকোর্টের ১৮ জুন, ২০২৫ সালের আদেশকে চ্যালেঞ্জ করা হয়েছিল।
কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে ১ অগস্ট, ২০২৫ থেকে পশ্চিমবঙ্গে MGNREGS কার্যকরভাবে বাস্তবায়ন শুরু করতে হবে এবং কেন্দ্র চাইলে রাজ্যের উপর “বিশেষ শর্ত” আরোপ করতে পারে। কেন্দ্র ৯ মার্চ, ২০২২ থেকে পশ্চিমবঙ্গে MGNREGS-এর তহবিল প্রকাশ (release) বন্ধ করে দিয়েছিল।
তহবিল বন্ধের কারণ ও সুপ্রিম কোর্টের রায়
প্রতিমন্ত্রী পাসােয়ান বলেন, “পশ্চিমবঙ্গের জন্য ২০২১-২২ আর্থিক বছরের শ্রম বাজেট (Labour Budget)-এর সংশােধিত প্রস্তাবটি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (মহাত্মা গান্ধী নরেগা) বিষয়ক ক্ষমতাপ্রাপ্ত কমিটি (Empowered Committee) কর্তৃক অনুমােদিত হয়নি। গ্রামীণ উন্নয়ন বিভাগ জানায়, এক্ষেত্রে জারিকৃত নির্দেশাবলী অনুসরণ করা হয়নি। এছাড়াও, রাজ্য সরকার কর্তৃক কেন্দ্রীয় সরকারের নির্দেশাবলী ধারাবাহিকভাবে অমান্য করার ফলে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন, ২০০৫-এর ২৭ নং ধারা (Section 27) প্রয়ােগ করে ২০২২ সালের ৯ মার্চ থেকে পশ্চিমবঙ্গে MGNREGS-এর তহবিল প্রকাশ বন্ধ করা হয়েছিল।”
পশ্চিমবঙ্গের বকেয়া টাকার পরিমাণ কত?
তৃণমূল কংগ্রেসের (TMC) সদস্য মালা রায়, রচনা ব্যানার্জি, কীর্তি আজাদ এবং অধ্যাপক সৌগত রায়ের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী পাসওয়ান জানান, “NREGASoft (নরেগা সফট) অনুসারে, পশ্চিমবঙ্গ রাজ্যের মোট বকেয়া অর্থের পরিমাণ (০৮.০৩.২০২২ তারিখ পর্যন্ত) ৩,০৮২.৫২ কোটি টাকা। এই টাকার মধ্যে রয়েছে-
মজুরি খাতে: ১,৪৫৭.২২ কোটি টাকা
উপাদান খাতে: ১,৬০৭.৬৮ কোটি টাকা
প্রশাসনিক খাতে: ১৭.৬২ কোটি টাকা।
এই বকেয়াগুলির গ্রহণযোগ্যতা কেন্দ্রীয় সরকার কর্তৃক যাচাইকরণের উপর নির্ভরশীল।”
সুপ্রিম কোর্টে সমস্যা হওয়ার পর, গ্রামোন্নয়ন মন্ত্রক গত মাসে প্রধানমন্ত্রীর দফতরকে জানিয়েছিল যে তারা “বিশেষ শর্তে” পশ্চিমবঙ্গে MGNREGS আবার শুরু করার কথা “বিবেচনা” করতে পারে।
তহবিল বন্ধের আগে পশ্চিমবঙ্গের অবস্থান
এই প্রকল্প বন্ধ হওয়ার আগে, পশ্চিমবঙ্গ এই প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যায় প্রথম সারির রাজ্যগুলির মধ্যে ছিল। ২০১৪-১৫ থেকে ২০২১-২২ সাল পর্যন্ত রাজ্যের ৫১ থেকে ৮০ লক্ষ পরিবার প্রতি বছর এই সুবিধা নিত।
উল্লেখ্য, হাইকোর্ট ২০২৫ সালের ১৮ই জুনের রায়ে বলেছিল যে “…কেন্দ্রীয় সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত, যারা বিশেষ শর্ত, বিধি-নিষেধ এবং নিয়মকানুন আরোপ করতে পারে, যা অন্যান্য রাজ্যে করা হয়নি। এই শর্তগুলো আরোপ করার মাধ্যমে এটা নিশ্চিত করা হবে যে, ২০২৫ সালের অগস্ট মাস থেকে যখন প্রকল্পটি পুরোদমে বাস্তবায়িত হবে, তখন যেন কোনও অবৈধ কাজ বা অনিয়ম না হয়।”