Thursday, June 4, 2026
Homeপশ্চিমবঙ্গহুগলি নদীর ওপর নতুন সেতুর প্রস্তাব গ্রহণ কেন্দ্রের

হুগলি নদীর ওপর নতুন সেতুর প্রস্তাব গ্রহণ কেন্দ্রের

Bridge in Bagnan for Varanasi Kolkata Expressway: বারাণসী-কলকাতা চার লেনের এক্সপ্রেসওয়ে প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি নদীর উপরে শীঘ্রই একটি নতুন সেতু নির্মিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ত দফতরের (PWD) কর্মকর্তাদের মতে, প্রস্তাবিত এই সেতুটি হাওড়া জেলার বাগনানে তৈরি হবে এবং নদীর অন্য পাড়ে দক্ষিণ চব্বিশ পরগণার পূজালীর সাথে সংযোগ স্থাপন করবে।

হুগলি নদীর ওপর চতুর্থ প্রধান সংযোগ (Bridge in Bagnan for Varanasi Kolkata Expressway)

বর্তমানে, কলকাতায় হুগলি নদীর উপরে রয়েছে তিনটি সেতু। সেগুলি হল স্বাধীনতার আগের তৈরি ঐতিহ্যপূর্ণ হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু, বিদ্যাসাগর সেতু, যা শহরকে NH-2 (বম্বে রোড)-এর সাথে যুক্ত করে, এবং নিবেদিতা সেতু, যা NH-2 (দিল্লি রোড)-এর সঙ্গে সংযোগ স্থাপন করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই নতুন সেতুটি হবে নদীর উপরে চতুর্থ গুরুত্বপূর্ণ সংযোগ।

এক্সপ্রেসওয়ের অ্যালাইনমেন্ট নিয়ে জটিলতা

পূর্ত দপ্তরের (PWD) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, “আগে পরিকল্পনা ছিল যে বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ে পুরুলিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এবং বাগনানে বোম্বে রোডের সাথে যুক্ত হবে। তবে, রাজ্য সরকার একটি সংশোধিত পরিকল্পনা প্রস্তাব করে হুগলি নদীর উপর বাগনান থেকে পূজালী পর্যন্ত সংযোগকারী একটি নতুন সেতু নির্মাণের কথা বলেছে। কেন্দ্র এই প্রস্তাবটি গ্রহণ করেছে, কিন্তু সেতুর চূড়ান্ত অ্যালাইনমেন্ট বা সঠিক স্থান এখনও নির্ধারণ করা হয়নি।”

সম্প্রতি বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য্যের একটি প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি সংসদে জানান, পুরুলিয়া, বাঁকুড়া এবং হুগলি জেলায় জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি সম্পূর্ণ হয়েছে। তবে রাজ্য সরকার এক্সপ্রেসওয়ের অ্যালাইনমেন্ট সংশোধন করার কারণে কাজের অগ্রগতি আটকে গিয়েছে।

রাজ্যসভায় গড়করি জানান, উত্তর প্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডের কয়েকটি নির্দিষ্ট স্থান ব্যতীত বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরুর জন্য চুক্তি দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ অংশে ডিটেইলড প্রোজেক্ট রিপোর্ট (DPR) তৈরির কাজও বরাদ্দ করা হয়েছে।

এক্সপ্রেসওয়ের কাজ ও সময়সীমা

ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) এই প্রকল্পের কাজ করছে, এবং পশ্চিমবঙ্গে ভূমি অধিগ্রহণের দায়িত্ব রাজ্য সরকারের।

প্রায় ৩৫,০০০ কোটি টাকা ব্যয়ে ৬২০ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ের লক্ষ্য বারাণসী ও কলকাতা শহরের মধ্যে যাত্রায়াতের সময় ১২-১৪ ঘণ্টা থেকে কমিয়ে প্রায় ছয় ঘণ্টা করা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রাথমিকভাবে ২০২৮ সালের মার্চের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু অ্যালাইনমেন্ট পরিবর্তনের ফলে এই সময়সীমা আরও এক বছর বা তার বেশি বাড়তে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

উল্লেখ্য, রাজ্য প্রশাসনের বক্তব্য অনুযায়ী, প্রস্তাবিত সেতুসহ এই নতুন এক্সপ্রেসওয়েটি (Bridge in Bagnan for Varanasi Kolkata Expressway) শুধু বারাণসী ও কলকাতার মধ্যে যাতায়াতের সময় কমাবে না, সেই সঙ্গে কলকাতা থেকে দিল্লিগামী প্রধান সংযোগকারী গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের বর্তমান যানজটও অনেকটা কমাবে।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular