Ayodhya Deepotsav 2025 Is A Global Celebration:এই বছর অযোধ্যার দীপোৎসবকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে উত্তরপ্রদেশ সরকার একটি নতুন ডিজিটাল উদ্যোগ চালু করেছে। ‘এক দিয়া রাম কে নাম’ অ়ভিযানের মাধ্যমে বিশ্বের যেখানেই থাকুন না কেন (Ayodhya Deepotsav 2025 Is A Global Celebration) ভক্তরা তিনটি বিশেষ ‘ডিজিটাল ভক্তিমূলক প্যাকেজের’ মাধ্যমে ভার্চুয়ালি এই উৎসবে অংশ নিতে পারবেন। প্রতিটি প্যাকেজ অনুযায়ী ভক্তদের বাড়িতে অযোধ্যার মাটি এবং সরযূ নদীর পবিত্র জলও পাঠানো হবে।
এর পাশাপাশি উত্তরপ্রদেশ পর্যটন বিভাগ দীপাবলির আগে অনুষ্ঠিত দীপোৎসব উপলক্ষে অযোধ্যায় গিয়ে উৎসব দেখতে ইচ্ছুকদের জন্য একদিনের ভ্রমণ প্যাকেজ চালু করারও সিদ্ধান্ত নিয়েছে।
কী বললেন পর্যটন মন্ত্রী?
“দীপোৎসব এখন বিশ্বাসের একটি বিশ্বব্যাপী উদযাপনে পরিণত হয়েছে। এই অনলাইন প্যাকেজগুলির মাধ্যমে, অনুষ্ঠানটি আরও অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠবে,” পর্যটনমন্ত্রী জয়বীর সিং বলেন।
তিনি আরও বলেন যে এই উদ্যোগটি ঐতিহ্যের সাথে প্রযুক্তির মিশ্রণ ঘটাবে। ‘এক দিয়া রাম কে নাম’-এর মাধ্যমে, সর্বত্র ভক্তরা অযোধ্যার সাথে আধ্যাত্মিকভাবে সংযুক্ত বোধ করতে পারবেন এবং ভগবান রামের কাছে প্রার্থনা করতে পারবেন।
তিনটি প্যাকেজ – রাম জ্যোতি, সীতা জ্যোতি এবং লক্ষণ জ্যোতি
কর্মকর্তারা জানিয়েছেন যে তিনটি প্যাকেজ- রাম জ্যোতি, সীতা জ্যোতি ও লক্ষ্মণ জ্যোতি শ্রী অযোধ্যা তীর্থ বিকাশ পরিষদ পরিচালনা করবে এবং সেগুলো দিব্য অযোধ্যা অ্যাপের (Divya Ayodhya App) মাধ্যমে পাওয়া যাবে।
এই প্যাকেজ নির্বাচন করলে ভক্তরা দীপোৎসবের দিনে ভার্চুয়ালি প্রদীপ জ্বালানোর সুযোগ পাবেন। এবছর এটি ১৯ অক্টোবর পালিত হবে। পাশাপাশি কর্মকর্তারা জানিয়েছেন যে নির্বাচিত প্যাকেজের ওপর নির্ভর করে অযোধ্যার মাটি ও সরযূ নদীর জলসহ ভক্তিমূলক সামগ্রী অংশগ্রহণকারীর নিবন্ধিত ঠিকানায় পাঠানো হবে।
কর্মকর্তারা আরও বলেছেন যে এই অনলাইন প্যাকেজগুলি দীপোৎসবে অংশগ্রহণকে আরও সহজলভ্য এবং অন্তর্ভুক্ত করার জন্য তৈরি করা হয়েছে, বিশেষ করে যারা অযোধ্যায় ভ্রমণ করতে অক্ষম তাদের জন্য। “এটি সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের পরিধি বাড়ানোর জন্য ঐতিহ্যের সাথে প্রযুক্তির সমন্বয়ের একটি প্রচেষ্টা,” একজন কর্মকর্তা ব্যাখ্যা করেছেন।
রাম জ্যোতি প্যাকেজ: ২,১০০ টাকা মূল্যের রাম জ্যোতি প্যাকেজে রয়েছে বিশেষভাবে তৈরি করা ভক্তিমূলক জিনিসপত্রের সেট যেমন রোলি, সরযূ নদীর পবিত্র জল, অযোধ্যার মাটি, রামদান, মিশ্রি, রক্ষা সূত্র, হনুমান গড়ির লাড্ডু এবং ছোট পাদুকা। এই জিনিসপত্রগুলি ভারত এবং বিদেশের নিবন্ধিত ভক্তদের কাছে সরাসরি পাঠানো হবে, সাথে ভার্চুয়াল ট্যুরের সুযোগও থাকবে।
সীতা জ্যোতি প্যাকেজ: ১,১০০ টাকা মূল্যের প্যাকেজ হল সীতা জ্যোতি প্যাকেজ।
লক্ষ্মণ জ্যোতি প্যাকেজ: ৫০১ টাকা মূল্যের প্যাকেজ হল লক্ষ্মণ জ্যোতি প্যাকেজ।
ভক্তরা https://www.divyaayodhya.com/bookdiyaprashad– এই লিংকে ক্লিক করে নিজেদের পছন্দমত প্যাকেজ নির্বাচন করতে পারবেন।
উল্লেখ্য, উত্তরপ্রদেশ পর্যটন বিভাগ একদিনের দীপোৎসব ট্যুর প্যাকেজও অফার করছে, যা তীর্থযাত্রী এবং পর্যটকদের অযোধ্যার ঘাট থেকে এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা প্রদানের জন্য তৈরি করা হয়েছে। এই প্যাকেজের অংশ হিসেবে, লক্ষ্ণৌ থেকে অযোধ্যায় ভক্তদের জন্য সড়কপথে পরিবহনের ব্যবস্থাও থাকবে বলে জানা গিয়েছে।
২৬ লক্ষ প্রদীপ জ্বালানোর লক্ষ্য- Ayodhya Deepotsav 2025 Is A Global Celebration
এই বছর, উত্তরপ্রদেশ সরকার সরযূ নদীর ঘাটে ২৬ লক্ষ প্রদীপ জ্বালানোর লক্ষ্য নির্ধারণ করেছে, যা একটি নতুন রেকর্ড তৈরির চেষ্টা। এছাড়াও, দীপাবলির প্রাক্কালে ২,১০০ জন ভক্তের অংশগ্রহণে একটি সম্মিলিত মহাআরতিও পরিবেশিত হবে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রথম প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে, এরপর স্বেচ্ছাসেবকদের দ্বারা বিভিন্ন ঘাটে একযোগে প্রদীপ প্রজ্জ্বলিত করা হবে।