IRCTC No Food option & Is the water bottle still free: রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস এবং বন্দে ভারত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনে চাপলেই নাকি খাবার নেওয়া বাধ্যতামূলক! এমনটাই দাবি করছিলেন যাত্রীরা। যদিও যাত্রীদের সেই দাবি উড়িয়ে রেলের এক কর্মকর্তা স্পষ্ট করেন যে এখনও রয়েছে ‘No Food’ অপশন। চাইলে খাবার নাও নিতে পারেন যাত্রীরা। তবে এক্ষেত্রে আরও একটি বড় প্রশ্ন উঠছে, তা হল ‘No Food’ অপশন বেছে নিলে কি জলের বোতলের জন্যও টাকা দিতে হবে! তারই উত্তর এই প্রতিবেদনে খোলসা করব আমরা।
দেখুন, কোভিড-পরবর্তী সময় থেকে, যাত্রীদের জন্য খাবার নেওয়া অপশনাল করে দিয়েছে ভারতীয় রেল। অনলাইনে অ্যাপ বা ওয়েবসাইটে টিকিট বুকিংয়ের সময় যাত্রীরা রিজার্ভেশন করার সময় চাইলে ‘No Food’ বেছে নিতে পারেন। আর নাহলে টিকিটের ভাড়ার সঙ্গে খাবারের জন্য আলাদা চার্জ দিতে হবে।এই নিয়ম রয়েছে এখন শুধুমাত্র রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস এবং বন্দে ভারত এক্সপ্রেসে।
তাহলে কি জলের বোতল বিনামূল্যে পাওয়া যায়? IRCTC No Food option & Is the water bottle still free
নো ফুড অপশন বেছে নিলে, জলের বোতলের জন্য চার্জ কাটা হবে কিনা, তা নিয়ে রাজধানী এবং অন্যান্য প্রিমিয়াম ট্রেনের যাত্রীদের মধ্যে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে। এক্ষেত্রে জেনে রাখুন, জলের টাকা দিতে হবে না। রেলওয়ে কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে জলের বোতল বিনামূল্যেই দেওয়া হবে যাত্রীদের।
IRCTCতে ট্রেনের টিকিট বুক করার সময় ‘No Food’ বেছে নেবেন কীভাবে?
আগে IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপে প্যাসেঞ্জার ইনফরমেশন কলামের পাশে দেখা যেত “No Food” অপশন। এখন যাত্রীর নাম, বার্থ এবং অন্যান্য বিবরণ প্রবেশ করানোর পর নীচে স্ক্রোল করলে “Other Preferences”র অধীনে “I don’t want Food/Beverages” চেকবক্স দেখতে পাবেন। এই বাক্সে টিক দিয়ে, আপনি “No Food” অপশন বেছে নিতে পারেন।