Thursday, June 4, 2026
HomeখবরUPI তে রেকর্ড টাকার লেনদেন! প্রযুক্তিতে ভারতের অগ্রগতি তুলে ধরলেন মোদী

UPI তে রেকর্ড টাকার লেনদেন! প্রযুক্তিতে ভারতের অগ্রগতি তুলে ধরলেন মোদী

Narendra Modi Global Fintech Fest​ in Mumbai 2025: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে UK-র প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের (Keir Starmer) সাথে গ্লোবাল ফিনটেক ফেস্টে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, “গত দশকে প্রযুক্তির গণতন্ত্রায়নের ফলে ভারত বর্তমানে বিশ্বের অন্যতম প্রযুক্তিগতভাবে অন্তর্ভুক্তিমূলক সমাজে পরিণত হয়েছে।” তিনি আরও জানান যে, ভারতে প্রতি মাসে ইউপিআই-এর মাধ্যমে প্রায় ২০ বিলিয়ন লেনদেন সম্পন্ন হচ্ছে, যার আর্থিক মূল্য প্রায় ২৫ লক্ষ কোটি টাকা।

এই অনুষ্ঠানে পূর্বেকার একটি সফরের কথা স্মরণ করে মোদী বলেন, “গতবার আমি যখন এই অনুষ্ঠানে এসেছিলাম, তখনও ২০২৪ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আমি তখনই বলেছিলাম যে আমি পরবর্তী অনুষ্ঠানে আবার ফিরে আসব। সেই সময় আপনারা সকলে খুব জোরে হাততালি দিয়েছিলেন.. সেই মুহূর্তে রাজনৈতিক জ্ঞান সম্পন্ন ব্যক্তিরা স্বীকার করে নিয়েছিলেন যে, ‘মোদী আ রাহা হ্যায়’…”

এর পাশাপাশি মুম্বাইকে বর্ণনা করার সময় মোদী এটিকে “শক্তির শহর, উদ্যোগের শহর এবং অফুরন্ত সম্ভাবনার শহর” হিসেবে অভিহিত করেন। তিনি ভারতের গণতান্ত্রিক চেতনার উপর জোর দিয়ে বলেন, “ভারত হল গণতন্ত্রের জননী।”

ইন্ডিয়া ও ইউকে-এর অংশীদারিত্ব

UK-র প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, যিনি ভারতে দু’দিনের সফরে বুধবার মুম্বাই এসেছেন, সম্প্রতি স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিকে “ভারতের সবচেয়ে উচ্চাঙ্ক্ষী বাণিজ্য চুক্তি” হিসেবে অভিহিত করেছেন। এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় স্টারমার অংশীদারিত্বের জন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানান এবং বলেন, “এটি উভয় দেশের জন্য একটি বিশাল জয়।”

বিনিয়োগের সুযোগের কথা তুলে ধরে স্টারমার আরও বলেন, ” ফিনটেকের ক্ষেত্রে যুক্তরাজ্য এবং ভারত স্বাভাবিক অংশীদার, আমি চাই যুক্তরাজ্য অর্থ ও ফিনটেকের ক্ষেত্রে বিনিয়োগের জন্য এক নম্বর পছন্দ হোক।”

এর আগে এই দিন প্রধানমন্ত্রী মোদী এবং কিয়ার স্টারমারের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী স্টারমারের নেতৃত্বে ভারত ও ব্রিটেনের সম্পর্কে গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গিয়েছে। চলতি বছরের জুলাই মাসে তাঁর যুক্তরাজ্য সফরের সময় ঐতিহাসিক ‘কম্প্রিহেনসিভ ইকোনমিক এন্ড ট্রেড এগ্রিমেন্ট’ বা CETA স্বাক্ষরিত হয়েছে।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular