Most Beautiful Landscapes and Hidden Gems in India: কার্লি টেলসের তথ্য অনুযায়ী, খুবই কম সংখ্যক ভারতীয় এই সুন্দর জায়গাগুলো ঘুরে দেখেছেন বা এই সমস্ত জায়গাগুলোকে ভারতের ‘হিডেন জেম’ও বলা যেতে পারে। এই জায়গাগুলো এখনও তেমন পরিচিত নয়, এখানে মানুষের ভিড় কম, এবং এগুলো সাধারণ পর্যটন এলাকার বাইরে অবস্থিত। মণিপুরের ভাসমান দ্বীপ থেকে শুরু করে কর্ণাটকের ব্যাসল্ট পাথরের সৈকত, কাশ্মীরের বরফে ঢাকা উপত্যকা থেকে শুরু করে দূরের হিমালয়ের গ্রাম পর্যন্ত, প্রতিটি স্থানই আলাদা অভিজ্ঞতা দেয়। যারা শান্ত ও সুন্দর প্রকৃতি ভালোবাসেন, তাদের জন্য এই জায়গাগুলো ভ্রমণের তালিকায় রাখার মত।
ভারতে ঘুরে দেখার মত অসাধারণ কিছু জায়গা- Most Beautiful Landscapes and Hidden Gems in India
লোকতাক হ্রদ, মণিপুর (Loktak Lake, Manipur)
লোকতাক (Loktak) হ্রদ হল উত্তর-পূর্ব ভারতের একটি মিষ্টি জলের হ্রদ। এটি ‘ফুমডিস’ (phumdis) নামের ভাসমান দ্বীপের জন্য পরিচিত।
ফুমডিস হল গাছ, মাটি ও জৈব জিনিস দিয়ে তৈরি বড় আকারের মাদুর, যা জলের উপর ভাসে। কিছু ফুমডিসে মানুষেরা ছোট কুঁড়েঘরে বাস করে, যেগুলোকে ‘ফুমশাং’ (phumshangs) বলা হয়। আর জেলে সম্প্রদায় এই হ্রদ থেকে জীবিকা চালায়।
লোকতাকের ভেতরেই কেইবুল লামজাও জাতীয় উদ্যান (Keibul Lamjao National Park) অবস্থিত। এটি পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। এই উদ্যানটি বিরল সাঙ্গাই হরিণের শেষ আশ্রয়স্থল। এই হরিণ মণিপুরের নৃত্যরত হরিণ নামেও পরিচিত।
ফুগতাল মঠ, জান্সকার (Phugtal Monastery, Zanskar)
ফুগতাল মঠটি জান্সকারের প্রত্যন্ত লুংনাক উপত্যকার একটি উঁচু পাহাড়ের উপরে অবস্থিত এবং এটি একটি প্রাকৃতিক গুহাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এটি তিব্বতি বৌদ্ধধর্মের গেলুগ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং এটি দ্বাদশ শতাব্দীতে নির্মিত।
মঠের মৌচাকের মত গঠনটি পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠে গেছে, যেখানে সন্ন্যাসীরা বসবাস করেন এবং পড়াশোনা করেন। আগে, এখানে শুধুমাত্র পায়ে হেঁটে (অথবা খচ্চরের পিঠে) একটি দুর্গম পথ এবং ঝুলন্ত সেতুর মাধ্যমে পৌঁছানো যেত।
সেন্ট মেরি’স দ্বীপ, কর্ণাটক (St. Mary’s Island, Karnataka)
সেন্ট মেরি’স দ্বীপ, যা থোনসেপার (Thonsepar) নামেও পরিচিত, মূলত আরব সাগর দ্বারা ঘেরা চারটি ছোট দ্বীপের একটি সমষ্টি।
এই দ্বীপগুলো তাদের অসাধারণ ভূতাত্ত্বিক গঠনের জন্য পরিচিত- নিখুঁত আকারের ষড়ভুজাকৃতির ব্যাসল্ট পাথরের স্তম্ভ।
লক্ষ লক্ষ বছর আগে গলিত লাভা ঠান্ডা হয়ে জ্যামিতিক আকারে ফেটে যাওয়ার সময় এগুলো তৈরি হয়েছিল।
এখানে এলে আপনার মনে হবে যে আপনি কোনও জাদুর দুনিয়ায় দেহে গিয়েছেন কারণ এখানে সমুদ্র থেকে পাথরগুলো উপরে উঠে আসতে দেখা যায়, এছাড়াও আছে স্বচ্ছ অগভীর জল, নারকেল গাছ এবং সাধারণ বালির পরিবর্তে শামুক দিয়ে ঢাকা সমুদ্র উপকূল।
মালপে বন্দর থেকে একটি ছোট ফেরি যাত্রায় (প্রায় ২০-৩০ মিনিট) আপনি এই দ্বীপগুলোতে পৌঁছাতে পারবেন।
ব্যাসল্ট পাথর, রোদ, সমুদ্রের বাতাস এবং খোলা আকাশের নিচে হাঁটা – সব মিলিয়ে এটি সাধারণ সৈকত থেকে ভিন্ন এক অভিজ্ঞতা। সবসময় সাঁতার কাটা নিরাপদ নাও হতে পারে, তবে এর প্রাকৃতিক সৌন্দর্য এবং ভূতাত্ত্বিক বিস্ময় এটিকে অবশ্যই দর্শনযোগ্য করে তুলেছে।
আরু ভ্যালি, জম্মু ও কাশ্মীর (Aru Valley, Jammu & Kashmir)
জম্মু ও কাশ্মীর-এর পহেলগাম থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে আরু ভ্যালি অবস্থিত। সবুজ তৃণভূমি, উঁচু পর্বত, ঘন বন এবং আল্পাইন দৃশ্যের জন্য এই জায়গাটি পরিচিত।
অনেক ট্রেকার কাছাকাছি কোলাহোই হিমবাহের (Kolahoi Glacier) মত স্থানগুলোতে যাওয়ার জন্য আরু-কে বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করে থাকেন।
শীতকালে আরু সম্পূর্ণ বদলে যায়- তৃণভূমি এবং পাহাড় বরফে ঢেকে এটিকে একটি শীতকালীন রূপকথার রাজ্যে পরিণত করে।
পাহাড়ি হাওয়া, খোলা প্রান্তর, সবুজ ভূমি এবং অ্যাডভেঞ্চার ট্রেকিং যদি আপনার পছন্দের হয়, তাহলে আরু ভ্যালি কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একটি লুকানো রত্ন।
চিতকুল, হিমাচল প্রদেশ (Chitkul, Himachal Pradesh)
হিমাচল প্রদেশের কিন্নৌর জেলার একটি দুর্গম গ্রাম হল চিতকুল। এটি সমুদ্রতল থেকে প্রায় ৩,৪৫০ মিটার উচ্চতায় অবস্থিত।
কারও কারও মতে, এটি ভারত-তিব্বত সীমান্তের কাছাকাছি পুরনো হিন্দুস্তান-তিব্বত বাণিজ্য পথের শেষ বসতিপূর্ণ গ্রাম।
এই গ্রামটি বাসপা নদীর (Baspa River) শান্ত স্রোতের পাশে অবস্থিত, যার পেছনের দৃশ্য বিশাল হিমালয় পর্বতমালা। বরফে ঢাকা পর্বতচূড়া, পাইন গাছের বন, আপেল ও বার্লির খেত, কাঠের তৈরি ছাদের ঘর এবং পুরনো মন্দিরগুলো চিতকুলকে একটি চিরন্তন এবং দুর্লভ আকর্ষণ এনে দেয়।
ট্রেকার ও পর্বতারোহীদের জন্য এটি লামখাগা পাসের (Lamkhaga Pass trek) মত কঠিন ট্রেকিং শুরু করার জায়গা। বাসপা নদীর তীরে হাঁটা, সাধারণ পাহাড়ি গ্রামের জীবন দেখা অথবা হিমালয়ের নিচে তারার আলোয় ক্যাম্পিং করা- চিতকুল হল ভিড়পূর্ণ পর্যটন কেন্দ্র থেকে অনেক দূরে এক শান্তির আশ্রয়।
জুকো ভ্যালি, নাগাল্যান্ড (Dzükou Valley, Nagaland)
জাপফু পর্বতের (Mount Japfü) কাছাকাছি পাহাড়ের কোলে অবস্থিত জুকো উপত্যকা। এখানকার বাতাস খুবই সতেজ এবং চারদিকে যতদূর চোখ যায়, শুধু ঘন বন দেখা যায়। এই জায়গাটিতে এমন এক ধরণের শান্তি রয়েছে, যা অন্য কোথাও খুঁজে পাওয়া মুশকিল।
আপনি যদি বন্যফুলের সময়ে এখানে যান, তাহলে পুরো উপত্যকা বিভিন্ন রঙে ঝলমল করে ওঠে, বিশেষ করে যখন বিরল জুকো লিলি ফোটে।
এই দৃশ্য বিভিন্ন জায়গা থেকে ট্রেকার ও প্রকৃতিপ্রেমীদের আকর্ষণ করে। ট্রেকিং করতে ভালোবাসলে, এখানকার শান্ত পথ, সবুজ পাহাড় এবং শহরের জীবন থেকে মুক্তি আপনাকে আনন্দ দেবে। উপত্যকাটি এতটাই দুর্গম যে, মনে হয় এটি উত্তর-পূর্ব ভারতের সেরা গোপন রহস্যগুলোর (Most Beautiful Landscapes and Hidden Gems in India) মধ্যে একটি।