Book Tickets on the Aamar Kolkata Metro App from 16: কলকাতা মেট্রো গ্রিন লাইনে (Green Line Metro) ডিজিটাল লেনদেন এবং যাত্রার সময় সাশ্রয়ী করার লক্ষ্যে একটি নতুন পরীক্ষামূলক ব্যবস্থা চালু করতে চলেছে। আগামী ১৬ নভেম্বর থেকে গ্রিন লাইনের চারটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন যথা সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, মহাকরণ এবং এসপ্ল্যানেড-এ কাউন্টার পরিষেবা সীমিত করা হচ্ছে বলে জানা গিয়েছে।
মেট্রো কাউন্টারের নতুন নিয়ম
রবিবার পিক আওয়ারে অর্থাৎ চূড়ান্ত ব্যস্ত সময়ে এই চারটি স্টেশনে (সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, মহাকরণ এবং এসপ্ল্যানেড) শুধুমাত্র একটি করে বুকিং কাউন্টার খোলা থাকবে।
আবার নন-পিক আওয়ারে এই স্টেশনগুলিতে কোনও বুকিং কাউন্টার খোলা থাকবে না। এই সময়ে টোকেন, নতুন স্মার্ট কার্ড বা রিচার্জ, কাউন্টার থেকে করা যাবে না।
যাত্রীদের জন্য ডিজিটাল বিকল্প (Book Tickets on the Aamar Kolkata Metro App from 16)
যাত্রীরা তাদের টিকিট এবং রিচার্জের জন্য অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন (ASCRM) এবং মোবাইলের মাধ্যমে ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ ব্যবহার করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে স্মার্টফোন ব্যবহার করে মোবাইল কিউআর টিকিট কেনা যাবে। মেট্রো সূত্র থেকে জানা গিয়েছে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ইতিমধ্যে এই চারটি স্টেশনে ASCRM মেশিন স্থাপন করা হয়েছে। এই আধুনিক এবং সুবিধাজনক মেশিনগুলোর মাধ্যমে যাত্রীরা খুব সহজেই UPI পেমেন্টের মাধ্যমে টিকিট কিনতে বা রিচার্জ করতে পারবেন।
উল্লেখ্য, মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে এই পদক্ষেপ যাত্রীদের ভ্রমণকে আরও সহজ এবং সময় সাশ্রয়ী করবে। এটি নগদবিহীন টিকিটিং ব্যবস্থাকে উৎসাহিত করার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কলকাতা মেট্রো রেল এই নতুন সিস্টেমকে সফল করতে সকল যাত্রী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সহযোগিতা ও সচেতনতা আশা করছে।